রাজস্থলীতে ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ গ্রামের ১০ হাজার মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া ব্রিজ থেকে কুইক্যাছড়ি, ধনুছড়ি ও তালুকদারপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে ১০টি গ্রামের প্রায় ১০ হাজারের বেশি মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নোয়াপাড়া থেকে মদন কারবারিপাড়া, কুইক্যাছড়ি, ধনুছড়ি, আমতলী ও আড়াছড়িপাড়াসহ পুরো সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। এতে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক স্থানে দুর্ঘটনা এড়াতে যাত্রীদের নেমে হেঁটে যেতে হচ্ছে। রাতের বেলায় দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় অটোরিকশাচালক চিংসাপ্রু খিয়াং বলেন, “দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এই সড়কে যাত্রী নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। দ্রুত সড়কটি পাকা করা হলে স্থানীয়দের দুর্ভোগ অনেকটাই কমবে।”
কুইক্যাছড়ি এলাকার এনজিও কর্মী জনি খিয়াং বলেন, “সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদা জমে যায়। ফলে কৃষকেরা ধান, চাল, আলুসহ কৃষিপণ্য রাজস্থলী, ইসলামপুর ও বাঙ্গালহালিয়া বাজারে সহজে নিতে পারেন না। সড়কটি উন্নয়ন করা হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।”
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রাজস্থলী উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সড়কের একটি ছোট অংশ পাকা হলেও অধিকাংশই এখনো কাঁচা। দ্রুত সংস্কার বা উন্নয়ন না হলে ভবিষ্যতে যান চলাচল আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, সড়কটি এলজিইডির অধীন। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।