কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংকালে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
ছবি- প্রতিবেদক।
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়ে শৌভিক রায় নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা থেকে কক্সবাজার বেড়াতে এসেছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার মেরিনড্রেইভ সড়কের দরিয়ানগর এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির মালিকাধিন প্যারাসেইলিংয়ে এ ঘটনা ঘটে।
সৈকতে দায়িত্বে থাকা কক্সবাজার জেলা প্রশাসনের বীচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামের এক হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন এই পর্যটক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছেন। নিহতের সাথে আসা বন্ধু এবং প্রশাসনের সংশ্লিষ্টরা কেউ কথা বলছেন না।
জানা যায়, ফরিদ আহমদ নামের এক ব্যক্তির মালিকাধিন দরিয়ানগরের এই প্যারাসেইলিং। যেখানে গত ২ বছরের অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ। আর মানছেন না প্রশাসনের নির্দেশনা ও শর্ত। ২০২৪ সালের জানুয়ারিতে ওই ব্যক্তির মালিকানাধীন প্যারাসেইলিংয়ে প্যারাসেইলিং করতে গিয়ে দূর্ঘটনায় শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এর জের ধরে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পর আবারও চালু করা হয়। গত এপ্রিল মাসেও এক পর্যটক আহত হন একই প্যারাসেইলিংয়ে।
এ বিষয়ে পর্যটন শাখার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, “বৈরী আবহাওয়ার কারণে গত সোমবার থেকে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। অন্যান্য প্রতিষ্ঠান নির্দেশনা মেনে কার্যক্রম বন্ধ রাখলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রশাসনের নির্দেশনা অমান্য করে প্যারাসেইলিং চালু রেখেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, নিহত পর্যটকের পরিবারের সদস্যদের বিমানযোগে দ্রুত কক্সবাজারে আনা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।