মহালছড়িতে সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও খেলাপি ঋণ আদায়ে বিশেষ ক্যাম্প
![]()
জার্নাল প্রতিবেদক
সার্টিফিকেট মামলা নিষ্পত্তি এবং খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদার করতে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক যৌথভাবে এ বিশেষ ক্যাম্পের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রাসেল বড়ুয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানবিন্দু চাকমা, মহালছড়ি থানার এসআই মো. আব্দুল আওয়াল, ইউপি প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ খেলাপি ঋণগ্রহীতারা।
ক্যাম্পে বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, একসঙ্গে পুরো ঋণ পরিশোধ করা সম্ভব না হলে নিয়মিত কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি গ্রাহকদের জন্য এক মাস এবং পল্লী সঞ্চয় ব্যাংকের খেলাপি গ্রাহকদের জন্য দুই মাস সময়সীমা নির্ধারণ করে দেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের সদ্য গৃহীত এক্সিট পলিসি সম্পর্কে খেলাপি গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে তাদের উৎসাহিত করা হয়।
এ সময় সার্টিফিকেট মামলাভুক্ত চৌংড়াছড়িমুখ এলাকার শান্তিকুমারের ছেলে উপস্থিত হয়ে তার পিতার সুদ-আসলসহ মোট ৪১ হাজার টাকা কিস্তিতে পরিশোধের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. এনাফুল হক, পিতা নাসিম উদ্দিন, দ্রুত তার বকেয়া ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত না থাকা খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, খেলাপি ঋণ আদায়ে সচেতনতা বৃদ্ধি, সার্টিফিকেট মামলা দ্রুত নিষ্পত্তি এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের বিশেষ ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।