রাইখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, ব্যবসায়ী গুরুতর আহত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যবসায়ীর নাম সুজন চৌধুরী (৪৫)। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. গেবরানও সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন সুজন চৌধুরী। পথে রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। সুজন চৌধুরীর বড় ভাই ও বাঙ্গালহালিয়ার ব্যবসায়ী পুলক চৌধুরী জানান, প্রথমে তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক মো. গেবরান প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন বলে জানা গেছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।