কাপ্তাইয়ে ২ শত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সহায়তার অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এ সময় কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং বীজ নিতে আসা উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং রোপা আমন চাষে ক্ষতির মুখে পড়া কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় কাপ্তাইয়ের ২০০ কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে বীজ দেওয়া হয়।

বন্যার কারণে অনেক কৃষক আমন মৌসুমে চাষাবাদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। বিনামূল্যে বীজ পাওয়ায় ক্ষতিগ্রস্ত এসব কৃষক নতুন করে চাষাবাদ শুরু করার সুযোগ পাচ্ছেন। কৃষি বিভাগের এমন উদ্যোগকে কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কৃষি কর্মকর্তারা জানান, সময়মতো উন্নত জাতের বীজ সরবরাহের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন চাষে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কৃষকদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষকদের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিনামূল্যে বীজ সহায়তা সময়োপযোগী উদ্যোগ। এতে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় কিছুটা কমবে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত কৃষিকাজে ফিরতে পারবে।
কৃষি বিভাগের এই সহায়তা কর্মসূচি কাপ্তাইয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।