ভিসার মেয়াদ শেষে অবস্থান, দিল্লিতে ৭ বাংলাদেশি আটক
![]()
জার্নাল প্রতিবেদক
ভিসার নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় ভারতে অবস্থানের অভিযোগে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিবাসন বিধি লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্তে দিল্লির পুলিশের অ্যান্টি-অটো থেফট স্কোয়াড (এএটিএস)-এর পরিচালিত একটি বিশেষ চিরুনি অভিযানে তাদের আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের কাছে বৈধ ডাবল-এন্ট্রি ভিসা থাকলেও তারা অনুমোদিত ১৫ দিনের সময়সীমা পার হওয়ার পরও দিল্লিতে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, দিল্লিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে দিল্লির ‘নবী করিম’ এলাকা থেকে মোহাম্মদ নজরুল ইসলাম ফয়সাল (২৬) নামে এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি আরও বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের সূত্র ধরে সারিতা বিহার এবং মদনপুর খাদর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৬ জনকে আটক করা হয়। তাদের পাসপোর্ট, ভিসা ও ভ্রমণ নথি খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যে, তারা তাদের ডাবল-এন্ট্রি ভিসার অধীনে অনুমোদিত ১৫ দিনের বেশি সময় অবস্থান করেছিল।
পুলিশ আরও জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি। তাদের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এ হাজির করা হয়, সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বর্তমানে ওই সাত বাংলাদেশিকে দিল্লির শাহজাদাবাগের সেবা ধাম ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের পাসপোর্ট, ভিসা ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।