চুয়াডাঙ্গা সীমান্তে এক ভারতীয়সহ ৫ জনকে পুশইন বিএসএফের
![]()
জার্নাল প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় যুবকসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকালে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ওই পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। পরে বেনীপুর গ্রামের আলমের তিনরাস্তা এলাকায় তাদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা স্থানীয় দুই যুবককেও আটক করা হয়।N
পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন ভারতের হাওড়া জেলার রাজাপুর থানার সুতায়পুর গ্রামের রায়হান হোসেন (২০), বাগেরহাটের শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের আব্দুল শুকুর খান (২৪), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোল্লাভর গ্রামের নয়ন আক্তার (২১), মৌলভীবাজার সদর উপজেলার মোজফফরাবাদ গ্রামের শারমিন আক্তার রুমি (২৪) ও তার চার বছরের মেয়ে হামিদা। তাদের সঙ্গে থাকা স্থানীয় দুই যুবক হলেন জীবননগরের বেনীপুর ঘোষপাড়ার হাসিবুর রহমান হাসিব (২০) এবং বেনীপুর মাঠপাড়ার আসমাউল হোসেন (১৯)।
পুলিশ জানায়, সকালে বেনীপুর সীমান্ত দিয়ে পুশইনের মাধ্যমে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। তাদের সঙ্গে স্থানীয় দুই দালাল ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটক ব্যক্তিদের থানায় নেয়া হয়েছে। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।