মহালছড়িতে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

মহালছড়িতে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

মহালছড়িতে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মহালছড়ি মৎস্য আহরণ উপকেন্দ্রের সামনে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের জোনাল অফিসার মো. এস এম নাসির উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বকুল, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনসহ শুমারির তথ্য সংগ্রহকারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি-২০২৬ পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।

শুমারির আওতায় দেশের বিভিন্ন এলাকায় থাকা নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে নৌযান খাতের একটি নির্ভরযোগ্য জাতীয় ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নৌযানের সঠিক পরিসংখ্যান ও তথ্যভান্ডার তৈরি হলে দেশের নৌপরিবহন খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নৌপথ ব্যবস্থাপনা, নৌযানের নিরাপত্তা জোরদার, নৌপরিবহন অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে শুমারি থেকে পাওয়া তথ্য কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

মহালছড়ি উপজেলায় শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নৌযান মালিক ও চালকদের তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

তিনি বলেন, “সঠিক তথ্য প্রদান ও সবার সহযোগিতার মাধ্যমে নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন হলে দেশের নৌপরিবহন খাতের প্রকৃত চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে। পাশাপাশি ভবিষ্যতে এ খাতের উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণে এসব তথ্য কার্যকর ভূমিকা রাখবে।”

উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের সংশ্লিষ্টরা জানান, শুমারি চলাকালে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সঠিক তথ্য নিশ্চিত করা গেলে মহালছড়ি উপজেলায় নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *