মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তবে শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল লক্ষ্য নয়; শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কৃতিত্বের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষাতেও তারা সাফল্যের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন বলেন, “আজকের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এই সাফল্য ধরে রাখতে হলে এখন থেকেই ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।”
তিনি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান শিক্ষককে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃতি শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। মাটিরাঙ্গার শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
সম্মাননা স্মারক পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও মাটিরাঙ্গার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে।
পরে প্রধান অতিথি উম্মে তাহমিনা মিতু উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।