লামায় বন্যাকবলিত মানুষের জীবন রক্ষায় কমিউনিটি সভা
![]()
জার্নাল প্রতিবেদক
বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিত করা এবং দুর্যোগকালীন সচেতনতা বাড়াতে বান্দরবানের লামার আজিজনগরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে সভাটির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসের জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ।
সভায় উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর প্রতিনিধি বেলাল আহমদ, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটি নেতৃবৃন্দ।
সভায় বন্যা ও ভূমিধসের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার গুরুত্ব, শিশু ও বয়স্কসহ পরিবারের ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলে সতর্ক থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া, সরকারি সতর্কবার্তা যথাযথভাবে অনুসরণ করা এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেন, “দুর্যোগের সময় একটি সঠিক তথ্য যেমন মানুষের জীবন রক্ষা করতে পারে, তেমনি গুজব বা ভুল তথ্য মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।”
তিনি বলেন, বন্যা বা ভূমিধসের আশঙ্কা দেখা দিলে সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করতে হবে। প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একই সঙ্গে শিশু, বয়স্ক ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।
দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ দুর্যোগকালীন সরকারি সেবা, সহায়তা ও ত্রাণ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করেন।
তিনি বলেন, সরকারি সহায়তা বা ত্রাণের বিনিময়ে কেউ অর্থ দাবি করলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি অভিযোগ বক্সে অভিযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথাও বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানো এবং জীবন রক্ষাকারী আচরণ অনুসরণের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, সরকারি সতর্কবার্তা দ্রুত প্রচার এবং দুর্যোগকালীন সময়ে স্থানীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।