কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার চর্চা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে বছরজুড়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশ, সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

প্রতিযোগিতার মধ্যে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকেরা জানান, প্রতিটি বিষয়ের বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশ নেবে। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত শুধু বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নয়, তাঁর সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তাও রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে নজরুলচর্চার বিকল্প নেই।

নজরুল বর্ষের কর্মসূচি সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, বছরব্যাপী এসব আয়োজনের মাধ্যমে কাপ্তাইয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *