মহালছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহত উসিমং মারমা (৫৭) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমার (৫২) পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে মাইসছড়ি ইউনিয়নের থলিপাড়ায় যান মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা দেওয়ার সময় ইউএনও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজন ও সংকটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে মাইসছড়ি ইউনিয়নের থলিপাড়া এলাকায় বজ্রপাতে উসিমং মারমা ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।