ভারতকে জ্বালানি-সার সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস পুতিনের

ভারতকে জ্বালানি-সার সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস পুতিনের

ভারতকে জ্বালানি-সার সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস পুতিনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মস্কোয় বৈঠকে ভারতকে জ্বালানি ও সারসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল সোমবার (২৪ আগস্ট) মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন দুই দিনের সফরে থাকা জয়শঙ্কর। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি, সার, পারমাণবিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পুতিন ভারতীয় কৃষক ও কৃষি খাতের চাহিদা পূরণে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ানোর কথা জানান। তিনি বলেন, এসব পণ্যের সরবরাহ ভবিষ্যতেও অব্যাহত রাখতে রাশিয়া প্রস্তুত।

জয়শঙ্কর রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মানতুরভের সঙ্গে ভারত-রাশিয়া আন্তসরকার কমিশনের ২৭তম বৈঠকেও যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

তবে দুই দেশের বাণিজ্যে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। ভারত বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরে।

পুতিনের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন। তিনি জানান, আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলন এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে মোদি আগ্রহী।

এদিকে পুতিন বলেন, গত বছর দুই দেশের বাণিজ্যে কিছুটা পতন হলেও চলতি বছর তা আবার বেড়েছে। দুই দেশের সরকার, সংসদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *