বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
বুধবার (২৬ আগস্ট) সকালে বটতলী দরবার শরীফের আয়োজনে এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহযোগিতায় জশনে জুলুসটি বের করা হয়। সকাল ৮টায় বটতলী দরবার শরীফ থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। পরে চৌমুহনী মুক্তমঞ্চে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, গাউছিয়া কমিটির বাঘাইছড়ি সভাপতি মো. আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মোজাম্মেল হক নুরী। এছাড়া বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। তাঁর আগমনের মাধ্যমে অন্যায়, অবিচার ও অশান্তিতে জর্জরিত পৃথিবী শান্তি, ন্যায় ও মানবিকতার নতুন দিশা পেয়েছিল।
তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে পারস্পরিক ভ্রাতৃত্ব, দয়া, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, তাঁর শিক্ষা ও আদর্শকে দৈনন্দিন জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনায় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রসঙ্গও উঠে আসে। বক্তারা অভিযোগ করেন, ‘তৌহিদী জনতা’ নাম ব্যবহার করে একটি গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা চালিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য জনসম্মুখে প্রকাশ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পরে বটতলী দরবার শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মহানবী (সা.)-এর দেখানো শান্তি, সম্প্রীতি ও মানবতার পথে সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।