আলীকদমে পুলিশের অভিযানে চোলাইমদসহ চারজন আটক
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ দশমিক ৫ লিটার চোলাইমদসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অংবাইঅং পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উচম্রা মার্মা (২৪), থোয়াই ম্রা প্রু মার্মা (৪৫), চিংচিং মার্মা (৫৫) ও উকিচিং মার্মা (৩২)। তারা সবাই আলীকদম সদর ইউনিয়নের অংবাইঅং পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে অংবাইঅং পাড়ায় সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখান থেকে ১৮ দশমিক ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা চোলাইমদের মধ্যে পাঁচ লিটারের একটি বোতল, দুই লিটারের ছয়টি বোতল, এক লিটারের একটি বোতল এবং ৫০০ মিলিলিটারের একটি বোতল রয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৫ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, লাইসেন্স, পারমিট বা পাস ছাড়া অ্যালকোহল উৎপাদন, বহন, সরবরাহ, বিক্রি, ধারণ বা সংরক্ষণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ১০-এর আওতায় নিষিদ্ধ। এ ধরনের বিধান লঙ্ঘনের জন্য আইনের ধারা ৩৬-এ দণ্ডের বিধান রয়েছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহা বলেন, উদ্ধার করা চোলাইমদ ও আটক চারজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, আলীকদম উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের উৎপাদন, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।