কাপ্তাই কেপিএম পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান

কাপ্তাই কেপিএম পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান

কাপ্তাই কেপিএম পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

‘সরকার কেপিএম বন্ধ করবে না, উৎপাদন বাড়ানোর উপায় বিবেচনা করা হবে’

জার্নাল প্রতিবেদক

দেশের অন্যতম ঐতিহ্যবাহী কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান। একই সঙ্গে কেপিএমের উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও সম্ভাব্য উপায় বিবেচনা করবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিসিআইসি চেয়ারম্যান।

কেপিএমে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ ফুল দিয়ে বিসিআইসি চেয়ারম্যানকে স্বাগত জানান। পরে চেয়ারম্যান কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কেপিএমের সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কারখানার বিভিন্ন ইউনিটের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। কেপিএমের বর্তমান উৎপাদন পরিস্থিতি, কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বাড়ানোর সম্ভাব্য দিকগুলো নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

কাপ্তাই কেপিএম পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান

পরে কেপিএম গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিসিআইসি চেয়ারম্যান। সভায় কেপিএমের সার্বিক পরিস্থিতি, উৎপাদন ব্যবস্থা, বিদ্যমান সংকট এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় বিসিআইসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান বলেন, “কেপিএম মিল সরকার বন্ধ করবে না। কীভাবে এই প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে সরকার বিবেচনা করবে।”

তিনি কেপিএমের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে কেপিএমকে আরও কার্যকর উৎপাদনমুখী প্রতিষ্ঠানে পরিণত করার সম্ভাব্য উদ্যোগ নিয়েও সভায় মতবিনিময় করা হয়।

বিসিআইসি চেয়ারম্যানের এ সফরে তাঁর সঙ্গে ছিলেন বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম।

কাপ্তাই কেপিএম পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান

মতবিনিময় সভায় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (উৎপাদন) মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ কেপিএমের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কেপিএম দেশের শিল্প খাতের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসা প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রত্যাশা রয়েছে। এ অবস্থায় বিসিআইসি চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন এবং কেপিএম বন্ধ না করার বিষয়ে তাঁর বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কেপিএমের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, সরকারের উদ্যোগে প্রতিষ্ঠানটির বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উৎপাদন বাড়াতে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে দীর্ঘদিনের সংকট কাটিয়ে কেপিএম আবারও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারবে এবং দেশের শিল্প খাতে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও ভূমিকা আরও শক্তিশালী হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *