মীরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় দুই গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন ছোট ফরিংগা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় শনিবার সকাল ৮টার দিকে ছোট ফরিংগা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় টহলদলটি সেখানে ফাঁদ পেতে চোরাচালান প্রতিরোধে নজরদারি চালাতে থাকে।
পরে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে টহলদলের সদস্যরা ভারতীয় সীমান্ত থেকে একজন চোরাকারবারীকে দুটি গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে দেখতে পান। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী গরু দুটি ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটক গরু দুটির আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণকে এসব অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।