কাপ্তাইয়ের পাহাড়ি পর্যটন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত

কাপ্তাইয়ের পাহাড়ি পর্যটন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত

কাপ্তাইয়ের পাহাড়ি পর্যটন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ি পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সীতাপাহাড়সহ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ এবং বন্যহাতির বিচরণস্থলে পর্যটকদের যাতায়াতের বিষয়ে সতর্ক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নের কয়েকটি এলাকায় মাদকের সমস্যা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও সভায় জানানো হয়।

সভায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, মাদকের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। মাদক ব্যবসা বা এর সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

সভায় কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন সম্প্রতি সীতাপাহাড়ে চার পর্যটক আটকে পড়ার ঘটনা তুলে ধরেন।

তিনি জানান, গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক স্থানীয় কাউকে অবহিত না করে কাপ্তাইয়ের সুউচ্চ সীতাপাহাড়ে ওঠেন। একপর্যায়ে তারা পথ হারিয়ে পাহাড়ে আটকা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।

কবির হোসেন বলেন, সীতাপাহাড় এলাকায় বন্যহাতির বিচরণ রয়েছে। ফলে পর্যটকেরা অসতর্কভাবে পাহাড়ে প্রবেশ করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পাহাড়ে প্রবেশের বিভিন্ন পথ ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা প্রয়োজন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও ইউএনও মো. রায়হানুল ইসলাম তাৎক্ষণিকভাবে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

পাশাপাশি পাহাড়ি পর্যটন এলাকায় যাতায়াতকারী নৌকা ও সাম্পান মাঝিদেরও বিষয়টি সম্পর্কে অবহিত করার জন্য সভার সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এতে পর্যটকেরা পাহাড়ি এলাকায় প্রবেশের আগে ঝুঁকিপূর্ণ স্থান, বন্যহাতির বিচরণ এবং নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে সতর্ক হতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য দিলদার হোসেনসহ কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।