পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠন; খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পিসিএনপির
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম নির্বাহী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পিসিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন, নবগঠিত তিনটি কমিটি পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ, শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রত্যাশা করেন তারা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক আস্থা বাড়ানো জরুরি। নবগঠিত কমিটিগুলো এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তারা আশা করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ। এ সময় পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।