লংগদুতে জমি দখল ও জাল কাগজপত্র তৈরির অভিযোগ, সংবাদ সম্মেলন

লংগদুতে জমি দখল ও জাল কাগজপত্র তৈরির অভিযোগ, সংবাদ সম্মেলন

লংগদুতে জমি দখল ও জাল কাগজপত্র তৈরির অভিযোগ, সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় শাহ আলম (মিস্ত্রি) নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি এবং পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা, স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে শাহ আলমের মা ও ভাই মামুন অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে নিজের নামে নেওয়ার চেষ্টা করছেন শাহ আলম। তাদের দাবি, লংগদুর মুসলিমব্লক এলাকায় অবস্থিত ওই সম্পত্তিতে পরিবারের সব ভাই-বোনের অধিকার রয়েছে। কিন্তু শাহ আলম সেখানে একক মালিকানা দাবি করে বিভিন্ন মামলা-মোকদ্দমা এবং হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

তারা আরও অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে প্রশাসনিকভাবে তদন্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার পর ভুক্তভোগীদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও শাহ আলমের পক্ষ থেকে হয়রানি ও হুমকি অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ইবনেসিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লংগদুর প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম বলেন, শাহ আলম তাদের প্রতিষ্ঠানের জমিও জাল কাগজপত্রের মাধ্যমে নিজের নামে নেওয়ার চেষ্টা করেছেন বলে তারা জানতে পেরেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

ভুক্তভোগী রুহুল আমন অভিযোগ করেন, তাঁর বাবার রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগের মধ্য দিয়েই এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের সূত্রপাত। তাঁর দাবি, শাহ আলম ও তাঁর সহযোগীরা বিভিন্ন ব্যক্তির জমি জাল কাগজপত্রের মাধ্যমে নিজেদের নামে নেওয়ার চেষ্টা করে আসছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত হেডম্যান ও শিক্ষক মীর সিরাজুল ইসলাম ঝান্টুও তাঁর জমি নিয়ে একই ধরনের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি যে জমি ভোগদখল করে আসছেন, সেটিও জালিয়াতির মাধ্যমে অন্যের নামে দেখানো হয়েছে বলে জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধ ও মালিকানা-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে প্রকৃত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহা করা প্রয়োজন। একই সঙ্গে জাল কাগজপত্র তৈরি, জমি দখলের চেষ্টা কিংবা কাউকে হয়রানি করার অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে শাহ আলমের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও দায় নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *