নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন

নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন

নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদারে নতুন দুটি টহল পরিচালনা ঘাঁটি (টিওবি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের কাছাকাছি এসব নতুন ঘাঁটি স্থাপনের ফলে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় দ্রুত আভিযানিক কার্যক্রম পরিচালনায় বিজিবির সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নবনির্মিত ‘আরচ্ছতলা টিলা’ ও ‘হাতুরানী টিলা’ টিওবি উদ্বোধন করা হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন আনুষ্ঠানিকভাবে টিওবি দুটি উদ্বোধন করেন।

নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন

বিজিবি সূত্র জানায়, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে ঘুমধুম ইউনিয়নের সীমান্তসংলগ্ন এলাকায় টিওবি দুটি নির্মাণ করা হয়েছে। কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর ও রামু সেক্টর সদর দপ্তরের দিকনির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এসব ঘাঁটির নির্মাণকাজ সম্পন্ন করে।

সীমান্তের দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দ্রুত পৌঁছানো এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কাছাকাছি অবস্থানে টহল ঘাঁটি থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজিবি। সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় আগে বিদ্যমান বিওপিগুলো সীমান্তরেখা থেকে তুলনামূলক দূরে হওয়ায় নিয়মিত নজরদারি, চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। নতুন টিওবি স্থাপনের ফলে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও দুর্গম অংশে বিজিবি সদস্যদের উপস্থিতি বাড়বে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত টহল ও অভিযান পরিচালনা করা সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন নতুন টিওবি দুটির দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং সীমান্ত নিরাপত্তা কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন

এ সময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, নতুন টিওবি দুটির মাধ্যমে ঘুমধুম সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে আভিযানিক সক্ষমতা বাড়বে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিজিবির সদস্যদের আরও কার্যকর উপস্থিতি নিশ্চিত করে সীমান্ত নিরাপত্তা জোরদারে এ দুটি টিওবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *