কাপ্তাই লেক নিয়ে ‘ষড়যন্ত্রের’ তথ্য প্রচারের প্রতিবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
কাপ্তাই লেকের পানি নিষ্কাশন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের প্রতিবাদ জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সাব-কমিটি। এসব মাধ্যমে কাপ্তাই লেক নিয়ে ‘ষড়যন্ত্রের’ কথা উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের সচিবসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাকে উদ্দেশ্য করে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলো বস্তুনিষ্ঠ নয় বলে দাবি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিউবো ও কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সাব-কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কাপ্তাই লেকের পানি নিষ্কাশন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাপ্তাই লেক নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের সচিবসহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে বিভিন্ন বিদ্বেষপ্রসূত তথ্য প্রকাশিত হয়েছে। এসব তথ্য বস্তুনিষ্ঠ নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, কাপ্তাই হ্রদ পরিচালনার জন্য একটি কারিগরি সাব-কমিটি রয়েছে। ওই কারিগরি সাব-কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই জনস্বার্থে কাপ্তাই লেক পরিচালনা করা হচ্ছে। ফলে কাপ্তাই লেকের পানি নিষ্কাশনসহ হ্রদ পরিচালনার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত প্রাতিষ্ঠানিক ও কারিগরি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কাপ্তাই লেক পরিচালনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে সংবেদনশীল এ ধরনের বিষয়ে তথ্য প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কাপ্তাই লেক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার এবং এর পানি ব্যবস্থাপনার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয় সম্পৃক্ত। এ কারণে হ্রদ পরিচালনা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা তথ্য জনমনে ব্যাপক আগ্রহ ও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সাব-কমিটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।