কাল থেকে শর্তসাপেক্ষে খুলছে বান্দরবানের হোটেল-মোটেল, পর্যটন কেন্দ্র
![]()
নিউজ ডেস্ক
পর্যটন নগরী কক্সবাজার ও পার্বত্য জেলা রাঙামাটির পর এবার শর্তসাপেক্ষে বান্দরবানের পর্যটন স্পট গুলো পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (২১ আগষ্ট) থেকে থেকে বান্দরবানের পর্যটন স্পট গুলো খুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
২০ আগষ্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনে এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।
সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী দূর্যোগ করোনা মোকাবেলার জন্য প্রায় পাঁচ মাস ধরে পর্যটন কেন্দ্র গুলো বন্ধ রয়েছে, আর এতে বিরাট ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। অবশেষে জেলার পর্যটন শিল্পের কথা ভেবে ক্ষতি কাটিয়ে উঠতে আগামী শীত মৌসুমকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে বান্দরবানে সব সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল খুলে দেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পর্যটন ব্যবসায়ী কাজল কান্তি দাশ বলেন, স্পট গুলো খুলে দিলে পর্যটনের সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের বেকার জীবনের অবসান হবে।
জেলার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, করোনার কারণে স্থবির হয়ে পরে পর্যটন শিল্প। বন্ধ হয়ে যায় পার্বত্যাঞ্চলে পর্যটক আগমন। কর্মহীন হয়ে পরে হাজারো মানুষ। জেলায় কর্মসংস্থান ও আয়ের বড় খাত হচ্ছে পর্যটন। পর্যটন খুলে দেওয়ার সিদ্ধান্তে আমরা খুশি।
অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, যেহেতু করোনা ভাইরাস আছে, সেহেতু স্বাস্থ্যবিধি মেনে বান্দরবানের পর্যটন স্পটে পর্যটকদের প্রবেশ করতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজরদারি থাকবে, মাস্ক ছাড়া কাউকে পর্যটন কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, করোনা সংক্রামন প্রতিরোধে গত ১৮ মার্চ থেকে জেলার সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় জেলা প্রশাসন। জেলায় ৬০টি হোটেল মোটেল রয়েছে, আর পর্যটকবাহী যান রয়েছে প্রায় ৪ শতাধিক। এই পর্যটন শিল্পের সাথে জড়িত জেলার প্রায় ২০ হাজার মানুষ।