আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, টাইব্রেকারে খন্ডকাটা কেএফসি চ্যাম্পিয়ন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে স্থানীয় তরুণ খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় ফুটবল উৎসবে।
ফাইনালে খন্ডকাটা কেএফসি একাদশ ও রাজস্থলী বাজার একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে টানটান উত্তেজনা সৃষ্টি হলেও কোনো দলই গোল করতে পারেনি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে খন্ডকাটা কেএফসি একাদশ ৭-৬ গোলে রাজস্থলী বাজার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা কমিটির সদস্য সাচিংমং মারমা ও মিজানুর রহমান প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল জব্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ২৯৯ আসনের এমপি প্রতিনিধি দিলদার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, আয়োজক কমিটির আহ্বায়ক জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ হোসেন, সাদেক হোসেন, সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচ দেখতে রাজস্থলী উপজেলার পাশাপাশি পাশের কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। স্থানীয় পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সরব উপস্থিতি দেখা যায়।
ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের ধারাবাহিক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ভাগ্য। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদেরও ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজক কমিটি জানায়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখার পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রতিবছর এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাদের মতে, খেলাধুলার আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশেও ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।