বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের প্রতিযোগিতায় কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন ঈদগাঁওয়ের সিওয়াইডিএ
![]()
জার্নাল প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত জেলাভিত্তিক প্রতিযোগিতায় সেরা হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে ঈদগাঁও উপজেলার তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিউনিটি ইউথ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস’ (সিওয়াইডিএ)।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’ (YPSA)-এর যৌথ উদ্যোগে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার চারটি শীর্ষ পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমানোর উদ্যোগসহ বিভিন্ন ক্যাটাগরিতে সংগঠনগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঈদগাঁওয়ের সিওয়াইডিএ।

পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য দূরীকরণ এবং তরুণদের অংশগ্রহণে টেকসই পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটিকে এ সম্মাননা দেওয়া হয়। সমাপনী পর্বে অতিথিরা বিজয়ী দল সিওয়াইডিএর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সিওয়াইডিএর প্রধান নির্বাহী আরকানুল ইসলাম রিয়ান বলেন, ‘এই অর্জন মূলত আমাদের পুরো ইয়ুথ টিমের নিরলস পরিশ্রম, স্বেচ্ছাসেবী মনোভাব এবং পরিবেশের প্রতি অনুভূতির ফল। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়তে সিওয়াইডিএ ভবিষ্যতেও একইভাবে মাঠে থাকবে।’
অনুষ্ঠানে স্থানীয় পরিবেশকর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং তরুণ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে তরুণদের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।