সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৭ ও ২৮ সেপ্টেম্বর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সেনাবাহিনী প্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণে এ কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় ইএমই কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান।
এদিকে ইএমই কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন এবং ইএমই কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় সেনাবাহিনী প্রধান ইএমই কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির সেবায় ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং—আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং—৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়াসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। বার্ষিক অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনীর মাধ্যমে কোরের পেশাগত কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।