টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাতে কৃষক আহত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাতে মোহাম্মদ আলম (৩০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিলার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলম সাবরাং এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মোহাম্মদ আলম ডেগিলার বিল এলাকায় কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানোর পরামর্শ দেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে মোহাম্মদ আলম গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সরকার জানান, বজ্রপাতে মোহাম্মদ আলমের পেটের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ সময় পড়ে গিয়ে তার মাথায়ও আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।