ভারত-কাজাখস্তান যৌথ সামরিক মহড়া ‘কাজইন্ড-২০২৬’ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
কাজাখস্তানের ওস্কেমেনে শুরু হয়েছে ভারত ও কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া ‘কাজইন্ড-২০২৬’। আজ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজাখস্তান সশস্ত্র বাহিনীর রিজিওনাল কমান্ড ইস্টের প্রধান মেজর জেনারেল ঝেনিস মারালভ।
যৌথ এই সামরিক মহড়ার মূল লক্ষ্য হলো ভারত ও কাজাখস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) বাড়ানো এবং জাতিসংঘের ম্যান্ডেটের আওতায় সাব-কনভেনশনাল পরিবেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সক্ষমতা আরও জোরদার করা।

মহড়ায় দুই দেশের সেনারা যৌথ কৌশলগত অভিযান পরিচালনার পাশাপাশি আধা-শহুরে ও পার্বত্য এলাকায় বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে বিশেষ হেলিবোর্ন অভিযান, আকাশপথে সেনা ও সরঞ্জাম পরিবহন এবং মানববিহীন আকাশযান (ইউএএস) ও কাউন্টার-ইউএএস সক্ষমতার সমন্বিত ব্যবহার।
মহড়ার মাধ্যমে দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বিতভাবে অভিযান পরিচালনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের ক্ষেত্রে পারস্পরিক সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।