দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়, হ্রদ, নদী আর সবুজের অপূর্ব মেলবন্ধন। একদিকে কর্ণফুলী নদী, অন্যদিকে বিশাল কাপ্তাই হ্রদ। সঙ্গে সীতার পাহাড়, চা-বাগান ও বনভূমির নৈসর্গিক সৌন্দর্য—প্রকৃতির এমন বৈচিত্র্যময় রূপ উপভোগ করতে শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠতে যাচ্ছে রাঙামাটির কাপ্তাই। ছুটিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন প্রত্যাশা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন হোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রের পরিচালকেরা। এরই মধ্যে কাপ্তাইয়ের অধিকাংশ পর্যটনকেন্দ্রের আবাসনকক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে কাপ্তাই উপজেলার বিভিন্ন হোটেল, মোটেল, রেস্ট হাউস ও রিসোর্টে পর্যটকদের আগাম বুকিংয়ের চাপ বেড়েছে। অনেক প্রতিষ্ঠানের সব কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে কাপ্তাই ভ্রমণে আসা পর্যটকদের আবাসন খুঁজতে বেগ পেতে হতে পারে। পর্যটকদের বাড়তি উপস্থিতি ঘিরে আবাসন, নৌভ্রমণ ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে ব্যস্ততা বাড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, কাপ্তাইয়ের অন্যতম পর্যটনকেন্দ্র প্যানোরমা জুম রেস্তোরাঁ, লেক প্যারাডাইস পিকনিক স্পট, রাইংখ্যং আইল্যান্ড, নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রালোক, লেকশোর ও লেকভিউসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে পূজার ছুটিকে ঘিরে আগাম বুকিং নেওয়া হয়েছে। এসব স্থানে পরিবার-পরিজন নিয়ে অবকাশ কাটানো, হ্রদের সৌন্দর্য উপভোগ ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ রয়েছে।

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

কাপ্তাইয়ের শিলছড়িতে অবস্থিত নিসর্গ পড হাউসের ব্যবস্থাপক মাসুদ তালুকদার বলেন, তাঁদের প্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রিত নয় এমন ১০টি এবং শীতাতপনিয়ন্ত্রিত আটটি কক্ষ রয়েছে। দুর্গাপূজার ছুটিতে এসব কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। ফলে এ সময়ে নতুন করে কক্ষ ভাড়া দেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে।

কাপ্তাই হ্রদের মধ্যে নৈসর্গিক পরিবেশে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ডের পরিচালক মো. জাহাঙ্গীর বলেন, তাঁদের প্রতিষ্ঠানের ১০টি কক্ষের সব কটিই বুকিং হয়ে গেছে। শুধু কক্ষ নয়, অনেকে তাঁবুতে থাকার ব্যবস্থাও আগাম বুকিং দিয়ে রেখেছেন। ফলে নতুন করে আবাসনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

প্রাকৃতিক বৈচিত্র্যই কাপ্তাইয়ের পর্যটনের অন্যতম আকর্ষণ। একই ভ্রমণে পাহাড়, হ্রদ, নদী, সমতল ভূমি ও সবুজ প্রকৃতির সান্নিধ্য পাওয়ার সুযোগ রয়েছে এখানে। কোথাও পাহাড়ের ঢালে ঘন সবুজের সমারোহ, কোথাও হ্রদের নীল জলরাশি, আবার কোথাও নদী ও হ্রদের বুকে নৌভ্রমণ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে কাপ্তাই একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে কর্মব্যস্ত জীবনের বাইরে পরিবার-পরিজন নিয়ে কিছুটা সময় কাটাতে চান এমন পর্যটকদের কাছে এ অঞ্চলের শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বাড়তি আকর্ষণ তৈরি করে।

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক ও পাহাড়ের পাদদেশে কখনো কখনো বন্য হাতির দেখা মেলে। কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদের আশপাশে হাতির বিচরণ এবং পানিতে নামার দৃশ্যও প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। তবে বন্য হাতি বা অন্য কোনো বন্য প্রাণীর কাছাকাছি না যাওয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাপ্তাই বোট মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস বলেন, এবারের দীর্ঘ পূজার ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক কাপ্তাই হ্রদে নৌভ্রমণে আসবেন বলে তাঁরা আশা করছেন। পর্যটকেরা ছোট ও বড়—দুই ধরনের ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে হ্রদের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। ছুটির সময়ে নৌভ্রমণের চাহিদা বাড়বে বলে প্রত্যাশা করছেন তাঁরা। পর্যটকদের আগমন বাড়লে নৌযানসংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে।

এদিকে কাপ্তাইয়ের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে পরিকল্পিত উন্নয়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ আবাসন এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় পর্যটন উদ্যোক্তারা। তাঁদের মতে, প্রাকৃতিক সৌন্দর্য কাপ্তাইয়ের প্রধান সম্পদ। এই সম্পদ অক্ষুণ্ন রেখে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

কাপ্তাইয়ের শিলছড়িতে অবস্থিত ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও পর্যটন উদ্যোক্তা প্রেসিডেন্ট স্কাউট হাজি মো. মঈনুদ্দিন জুয়েল বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কাপ্তাইয়ের অপার সম্ভাবনা রয়েছে। কর্ণফুলী নদী, কাপ্তাই হ্রদ, রাম পাহাড়, সীতার পাহাড়, ওয়াগ্গা ছড়া চা-বাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে এবারের পূজার ছুটিতে হাজারো পর্যটকের আগমন ঘটবে বলে তিনি আশা করছেন।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা, দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটকদের আগমনে কাপ্তাইয়ের হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, নৌভ্রমণ ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায় গতি আসবে। একই সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে আবাসন বুকিংয়ের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিরাপত্তা বজায় রাখা এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *