কক্সবাজার সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধীন তুমব্রু বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে করিডোর পোস্ট নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান দমনে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।