নানিয়ারচরে বেশির ভাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক, ১৭ মাইলে অবরোধের নামে প্রতিবন্ধকতা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেশির ভাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভোরে খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের ১৭ মাইল এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও বড় বড় গাছ ফেলে অবরোধের নামে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। শনিবার সকালে ইউপিডিএফ মদদপুষ্ট ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’-এর ডাকে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত নানিয়ারচরের টিএনটি বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে, তবে বেলা বাড়ার সাথে সাথে তারা সড়ক ছেড়ে যায়।
এ ছাড়া খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের নানিয়ারচর উপজেলার ১৭ মাইল এলাকায় সড়কের ওপর টায়ার পোড়ানোর পাশাপাশি বড় বড় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ওই অংশে যানবাহন চলাচল ব্যাহত হয়।
তবে নানিয়ারচর বাজার, বুড়িঘাটসহ উপজেলার অন্যান্য এলাকায় ছোট ছোট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে উপজেলার সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়নি; নির্দিষ্ট কয়েকটি স্থানে অবরোধ ও পিকেটিংয়ের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে।
অর্ধদিবস অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় সড়ক ও মহাসড়কের পরিস্থিতির ওপর নজর রাখছে আইন-শৃঙ্খলাবাহিনীও।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।