বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০ পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
এ সময় মন্ত্রী সাচিং প্রু বলেন, বিপদে একে অপরের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। যেকোনো দুর্যোগে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সহজ হয়। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, হংকং সরকারের বিশেষ প্রশাসনিক অঞ্চলের (হংকং গভর্নমেন্ট স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন) অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর বাস্তবায়নে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর চেয়ারপারসন মংথুইচিং মারমা, উপনির্বাহী পরিচালক চিন্ময় মারমা, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাউস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।