রাতযাপনের সুযোগসহ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক
![]()
জার্নাল প্রতিবেদক
পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় পর্যটকেরা সেখানে রাতেও থাকতে পারবেন। তবে দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রত্যেক পর্যটকের কাছ থেকে ১০০ টাকা করে ফি আদায় করা হবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালার ২৬ বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশগতভাবে সংকটাপন্ন এই প্রবাল দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। নতুন সিদ্ধান্তে পর্যটকদের যাতায়াতের সময়সীমা ও দৈনিক সংখ্যা নির্ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ফি এবং নৌযান চলাচলে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।