পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাহাড়ে অনেকগুলো গ্রুপ আছে। জনসংহতি সমিতি, ইউপিডিএফ ছাড়াও আরও কয়েকটি ফ্র্যাকশন রয়েছে। তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা থেকে এসব বিরোধ তৈরি হয় বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতি বছর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পাহাড়ের কিছু জায়গা ও অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা চলে। এর সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দলও জড়িত। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীও যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেবে। মন্ত্রী আরও বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে রাজনৈতিক পর্যায়েও আলোচনা চলছে। ওই এলাকার হেডম্যান ও অন্যান্য স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনিও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের সব প্রচেষ্টা জারি রাখবো যেন শান্তি বজায় রাখা যায়।
গত ২২ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলাবাহিনী ও পর্যটকদের উপর হামলা গুলির ঘটনায় পরিস্থিতির আরও অবনতি হয়। সেদিন সাজেকে বেড়াতে যাওয়া প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়ার আশঙ্কায় পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা প্রহরায় ২ হাজার ৯৩৩ জন পর্যটককে খাগড়াছড়ির দিকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।