নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে সেলাই প্রশিক্ষণ পেলেন ১৬ নারী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে পাহাড়ি ও বাঙালি নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত চার সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এতে দুই সম্প্রদায়ের মোট ১৬ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেন।
সোমবার (২৬ অক্টোবর) নানিয়ারচর জোন সদরে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৪ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সেলাইয়ের বিভিন্ন কৌশল ও কাটিং বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের শুরুতেই তাঁদের প্রয়োজনীয় সেলাই সরঞ্জাম সরবরাহ করা হয়। এ ছাড়া নানিয়ারচর জোনের পক্ষ থেকে দেওয়া সেলাই মেশিন ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নারীরা নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। কেউ ব্যক্তিগত উদ্যোগে সেলাইয়ের কাজ শুরু করতে পারবেন, আবার কেউ এ দক্ষতাকে পেশা হিসেবে গ্রহণ করে পরিবারের আয়ের পরিধি বাড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।
নানিয়ারচর জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।