মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে তিন বাংলাদেশি আটক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর আওতাধীন অযোধ্যা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২২২৬/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধুলিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই তিনজন।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকার মৃত বিমল চন্দ্র দের ছেলে সঞ্জয় দে, চট্টগ্রামের হালিশহর এলাকার রতন কুমার নাথের ছেলে নন্দন কুমার দে এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন।
বিজিবি আরও জানায়, আটক তিনজন বর্তমানে খেদাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে অবস্থান করছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।