সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে লক্ষীছড়িতে কঠিন চীবরদান অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লক্ষ্মীছড়ি উপজেলার লেলাং বড় পাড়া বন বিহারে আয়োজিত পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি।
এ সময় বিহারে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জোন অধিনায়ক। পাশাপাশি তাঁদের হাতে শুভেচ্ছা-উপহার তুলে দেন তিনি।
ধর্মীয় এ আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের উৎসাহিত করতেও বিশেষ উদ্যোগ নেয় লক্ষ্মীছড়ি জোন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, জার্সি ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। উপহারসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ উদ্যোগের মাধ্যমে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহায়ক উপহার প্রদান সেনাবাহিনীর জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থার বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।