নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানে জুরাছড়ি জোনের উদ্যোগে পশুপালন প্রশিক্ষণ
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বিকল্প আয়ের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জুরাছড়ি উপজেলা হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২৪ জন পাহাড়ি ও ৬ জন বাঙ্গালি। অংশগ্রহণকারীদের মধ্যে ২১ জনই পাহাড়ি নারী, যা স্থানীয় নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগের বিশেষ গুরুত্ব তুলে ধরে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য সরবরাহ, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, টিকাদান, পশু মোটাতাজাকরণ এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্বল্প পরিসরে পশুপালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

পার্বত্য অঞ্চলের অনেক পরিবার জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ওপর নির্ভরশীল। তবে আধুনিক পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন ও আর্থিক সাফল্য অর্জন সম্ভব হয় না। এ বাস্তবতায় প্রশিক্ষণটি স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র পরিসরে খামার গড়ে তোলা ও বিকল্প আয়ের পথ তৈরিতে সহায়ক হতে পারে।
বিশেষ করে প্রশিক্ষণে ২১ জন পাহাড়ি নারীর অংশগ্রহণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর একটি ইতিবাচক দিক। পশুপালনের মতো আয়বর্ধক কাজে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁরা পারিবারিক অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিতে জুরাছড়ি জোনের এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।