আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য, রাঙামাটির তরুণ উদ্ভাবককে উৎসাহিত করলেন জোন অধিনায়ক
![]()
জার্নাল প্রতিবেদক
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘ডেটা ডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ হংকং বিজনেস কেস কম্পিটিশন’-এ দেশব্যাপী চ্যাম্পিয়ন এবং হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্বে প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন রাঙামাটির কৃতী তরুণ মো. হোসাইন ভূঁইয়া। তাঁর এই অসামান্য অর্জনে গর্বিত রাঙামাটিবাসী। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ও মর্যাদা তুলে ধরা এ তরুণ উদ্ভাবককে উৎসাহিত করতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাঙামাটি সদর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হোসাইন ভূঁইয়া।
এ সময় জোন অধিনায়ক তাঁর শিক্ষাজীবন, উচ্চশিক্ষা অর্জনের অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি নিজের শিক্ষাজীবন ও উচ্চশিক্ষার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। উভয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
সাক্ষাৎকালে হোসাইন ভূঁইয়ার উদ্ভাবনী প্রকল্প এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় উপস্থাপিত বিজয়ী কেস স্টাডি প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করেন জোন অধিনায়ক। বিশেষ করে রান্নাঘরে ব্যবহৃত পরিত্যক্ত তেল থেকে উড়োজাহাজের জ্বালানি বা এভিয়েশন ফুয়েল তৈরির সম্ভাবনাময় প্রকল্পটি তাঁর দৃষ্টি আকর্ষণ করে। তরুণ বয়সে এমন ব্যতিক্রমী চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের জন্য হোসাইন ভূঁইয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি।
জোন অধিনায়ক বলেন, তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে এমন অর্জন দেশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও হোসাইন ভূঁইয়া যেন শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে পারেন, সে জন্য তাঁকে উৎসাহিত করেন জোন অধিনায়ক।
এ সময় হোসাইন ভূঁইয়ার উচ্চশিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন জোন অধিনায়ক। তাঁর মেধা ও উদ্ভাবনী কার্যক্রমের বিকাশে সহযোগিতার ক্ষেত্রেও সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিকতা থাকবে বলে আশ্বাস দেন তিনি।
রাঙামাটির পাহাড়ি জনপদ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এমন সাফল্য অর্জন স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ অর্জন শুধু হোসাইন ভূঁইয়ার ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাঙামাটি তথা বাংলাদেশের জন্যও গর্ব ও সম্মানের। তাঁর এই সাফল্য পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহী করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।