সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর বিলাইছড়ি জোনে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রীতিভোজ
![]()
জার্নাল প্রতিবেদক
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন এবং প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে ফজর নামাজের পর বিলাইছড়ি জোন সদরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে কর্তব্যরত সেনাসদস্যদের পাশাপাশি জোন সদরের সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য পদবির সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী-এর উপস্থিতিতে বিলাইছড়ি জোন সদরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এতে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, হেডম্যান, কারবারি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২৫-৩০ জন অংশগ্রহণ করেন।
এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিলাইছড়ি জোনের আওতাধীন সকল আর্মি ক্যাম্পেও সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য স্মরণ করার পাশাপাশি সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ তুলে ধরা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।