ডিজিটাল ও এআইয়ের যুগেও মাঠপর্যায়ের সাংবাদিকতার গুরুত্ব কমবে না: ডয়েচে ভেলের নাতাশা শোয়াংকে

ডিজিটাল ও এআইয়ের যুগেও মাঠপর্যায়ের সাংবাদিকতার গুরুত্ব কমবে না: ডয়েচে ভেলের নাতাশা শোয়াংকে

ডিজিটাল ও এআইয়ের যুগেও মাঠপর্যায়ের সাংবাদিকতার গুরুত্ব কমবে না: ডয়েচে ভেলের নাতাশা শোয়াংকে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারে সাংবাদিকতা চর্চার ধরন বদলে গেলেও মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রয়োজনীয়তা কখনো কমবে না বলে মন্তব্য করেছেন ডয়েচে ভেলে একাডেমির মিডিয়া ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক নাতাশা শোয়াংকে।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল ও এআইয়ের যুগে বিশ্বজুড়ে সাংবাদিকতা চর্চার গুরুত্ব নিয়ে নানা আলোচনা চলছে। এখন এআই ব্যবহার করে যে কেউ সংবাদ লিখতে পারলেও মাঠপর্যায়ের তথ্য যাচাই ও বাস্তব পরিস্থিতি তুলে ধরার সক্ষমতা এখনো এআইয়ের তৈরি হয়নি। ফলে প্রযুক্তির অগ্রগতির মধ্যেও স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য থাকবে।

শনিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা জোরদার এবং শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে ভুল তথ্য, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় বিভিন্ন সময়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডয়েচে ভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক মাইনুল ইসলাম খান ও প্রকল্প কর্মকর্তা মাফিয়া মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিডাব্লিউ একাডেমির ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল। তিনি প্রশিক্ষণ কার্যক্রমে সাংবাদিকদের অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও শেখার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজারের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী, কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী এবং টিটিএনের সিইও তৌফিকুল ইসলাম লিপু। তাঁরা প্রশিক্ষণের বিভিন্ন বিষয়, অর্জিত জ্ঞান এবং সাংবাদিকতার পেশাগত ক্ষেত্রে এসব শিক্ষার প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া উন্মুক্ত মতামত পর্বে সাতজন প্রশিক্ষণার্থী তাঁদের বক্তব্যে কর্মশালার বিষয়বস্তু, ব্যবহারিক শিক্ষার অভিজ্ঞতা ও সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডয়েচে ভেলে একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্ডে। তিনি প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতামত শোনেন এবং পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল গণমাধ্যমচর্চায় এ ধরনের প্রশিক্ষণ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে নাতাশা শোয়াংকে আরও বলেন, গুজব শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বজুড়েই বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার রোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের পর প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন ডয়েচে ভেলে একাডেমির অতিথিরা। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল অনুষ্ঠানে উপস্থিত অতিথি, প্রশিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *