শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে মহালছড়ি জোন, আর্থিক সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবরদান উৎসব উপলক্ষে পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। ধর্মীয় উৎসবের আয়োজন ও বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ধর্মীয় কার্যক্রম এবং বিহারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন রিয়াদ হোসেন বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে উপস্থিত হয়ে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন করেন।
এ সময় তিনি বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উৎসবের সার্বিক আয়োজন, বিহারের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে ক্যাপ্টেন রিয়াদ হোসেন বলেন, এলাকার ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগোষ্ঠীর পাশে রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।