পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের: পার্বত্য মন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের ওপর বর্তিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, চুক্তি সম্পাদনকারী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও চুক্তির বাকি অংশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মতভেদ থাকলেও চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে বিভিন্ন পক্ষের ধারণা। অবশিষ্ট অংশ বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি চলমান প্রক্রিয়া। ১৯৯৭ সালে চুক্তি সম্পাদনের পর চুক্তি সম্পাদনকারী সরকারই দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এ সময় চুক্তির পূর্ণ বাস্তবায়নে কী ধরনের অগ্রগতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চুক্তির বিভিন্ন ধারা নিয়ে মতভেদ থাকলেও ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে অনেকে মনে করেন। বাকি অংশ বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের বিকাশে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ পরিকল্পনায় পাহাড় ও সাগরের পর্যটন সম্ভাবনাকে একসঙ্গে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। এমনভাবে পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে পর্যটকরা ভ্রমণে এসে পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন অবস্থান করতে পারেন। এতে পর্যটন খাতের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে।

পাহাড়ে পানি সংকট নিরসনেও প্রথাগত জ্ঞানকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, পাহাড়ে পানির সংকট মোকাবিলায় বনাঞ্চল সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে এবং পাথর উত্তোলন বন্ধ করা হবে। পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও পানির উৎস সংরক্ষণ অত্যন্ত জরুরি।
সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপপরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।