আলীকদমের দুর্গম পোয়ামুহুরী সীমান্তে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) পরিচালিত ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এ মানবিক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ-এর তত্ত্বাবধানে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনে ১০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে। প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনগণের কল্যাণেও নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। এসব উদ্যোগের মাধ্যমে পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হচ্ছে।
এ কার্যক্রমের ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিওপির সীমান্তবর্তী অঞ্চলেও পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাটালিয়নটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।