টানা তৃতীয় বছর বিশ্বে স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদে হতাহতের শীর্ষে মিয়ানমার
![]()
জার্নাল প্রতিবেদক
গত বছর স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে বিশ্বে সর্বাধিক হতাহতের ঘটনা ঘটেছে মিয়ানমারে। দেশটিতে এ ধরনের বিস্ফোরণে প্রায় ১ হাজার ৯০০ জন হতাহত হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত ল্যান্ডমাইন মনিটর (Landmine Monitor) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী, টানা তৃতীয় বছরের মতো স্থলমাইন ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক (Explosive Remnants of War—ERW) থেকে হতাহতের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মিয়ানমার।
২০২৫ সালে বিশ্বজুড়ে স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৬ হাজার ৯২৯ জন হতাহত হয়েছেন। এর মধ্যে মিয়ানমারেই ১ হাজার ৮৯১ জন হতাহত হয়েছেন, যা বিশ্বব্যাপী মোট হতাহতের ২৭ শতাংশেরও বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী ১৯৯৯ সাল থেকেই নিয়মিতভাবে অ্যান্টিপারসোনেল মাইন ব্যবহার করে আসছে। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর এসব মাইনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এর ফলে দেশটিতে মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ২০২১ সালে ৩৬৮ জন হতাহত হওয়ার পর ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়ায়। পরবর্তী বছর, অর্থাৎ ২০২৪ সালে, হতাহতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ২ হাজার ২৯ জনে পৌঁছায়।
সামরিক ঘাঁটি ও চৌকির আশপাশের পাশাপাশি মোবাইল ফোন টাওয়ার, খনন কার্যক্রম পরিচালিত এলাকা এবং জ্বালানি পরিবহন পাইপলাইনের আশপাশেও নিয়মিত স্থলমাইন পুঁতে রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিয়ানমারের এক সামরিক প্রকৌশলী জানিয়েছেন, তাকে কাচিন ও রাখাইন রাজ্যে জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি মাইন স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। এসব স্থানে সতর্কতামূলক চিহ্ন হিসেবে শুধু ‘বিপজ্জনক, প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড রাখা হয়েছিল, কিন্তু সেখানে স্থলমাইন থাকার বিষয়টি উল্লেখ করা হয়নি।

মিয়ানমারের ব্যাপকভাবে মাইন আক্রান্ত সাগাইং অঞ্চলের প্রতিরোধ আন্দোলনভিত্তিক সংগঠন ইয়িনমাবিন–সালিংজি স্ট্রাইক কমিটির সদস্য থেত উ বলেন, অনেক ক্ষেত্রেই কোনো সতর্কতামূলক চিহ্নও থাকে না।
তিনি জানান, সামরিক বাহিনী অভিযান চালানো কিংবা গ্রামে অভিযান ও তল্লাশি পরিচালনার সময় প্রায়ই স্থলমাইন পুঁতে রাখে। এমনকি বাড়ির প্রবেশপথেও এসব মাইন স্থাপন করা হয়। এসব মাইন এমনভাবে তৈরি করা হয়, যাতে বিস্ফোরণে মানুষের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
অভ্যুত্থানের পর মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) বা গণপ্রতিরক্ষা বাহিনীগুলোও দূরনিয়ন্ত্রিত ও হাতে তৈরি স্থলমাইন ব্যবহার করেছে বলে স্বীকার করেন থেত উ। তবে তিনি দাবি করেন, প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন প্রশাসনিক ও পরিচালনাকারী কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর তাদের অনুমোদন ছাড়া বসতিপূর্ণ এলাকার কাছাকাছি মাইন স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। কেবল সামরিক প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে এসব মাইন ব্যবহারের সুযোগ রয়েছে।
তিনি বলেন, “মাইনগুলো শত্রুকে আহত করা কিংবা তাদের অগ্রযাত্রা বিলম্বিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।” তার দাবি, বাসিন্দারা এলাকায় ফিরে আসার আগে এসব মাইন অপসারণ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতি মাসেই বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন মিয়ানমারের সামরিক বাহিনীর স্থলমাইন জব্দ করার তথ্য জানিয়েছে। এতে দেশটিতে সামরিক বাহিনীর মাইন ব্যবহারের ব্যাপকতা প্রতিফলিত হয়েছে।
এ ছাড়া সামরিক সরকারের সমর্থনপুষ্ট জাতিগত সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড ফোর্স—বিজিএফ) এবং সামরিক সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীও স্থলমাইন ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থলমাইন নিষিদ্ধ করার আন্তর্জাতিক প্রচারণা (International Campaign to Ban Landmines—ICBL)-এর পরিচালক তামার গ্যাবেলনিক এএফপিকে বলেন, “আমরা সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, যেকোনো পক্ষের দ্বারা, যেকোনো পরিস্থিতিতে অ্যান্টিপারসোনেল মাইন উৎপাদন ও ব্যবহার প্রত্যাখ্যান করুন।”
স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদে হতাহতের সংখ্যার দিক দিয়ে মিয়ানমারের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া। দেশটিতে ১ হাজার ৬০২ জন হতাহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানে হতাহতের সংখ্যা ৪৯৭ জন, যা সিরিয়া ও মিয়ানমারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।