খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই কাজ উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়া পাড়ায় অবস্থিত ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো : জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।
এ উপলক্ষে জাদি প্রাঙ্গণে দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
সকাল থেকেই জাদি প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মন্ত্রী ও সংসদ সদস্যরা ভক্তদের সঙ্গে নিয়ে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নেন। এতে বাংলাদেশের অব্যাহত অগ্রগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পার্বত্য অঞ্চলসহ দেশের মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরবর্তী সময়ে বেলুন উড়িয়ে ভবনটির ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, সাতভাইয়া পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী এই ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো : জাদি’র প্রতিষ্ঠাতা বান্দরবানের ক্যলমংপাড়ার বাসিন্দা উক্যচিং মার্মা, যিনি স্থানীয়ভাবে কেতু মার্মা নামে পরিচিত।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, পরিবেশ সংরক্ষণ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে মন্ত্রী সাচিং প্রু উপস্থিত তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের চারা রোপণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।