মণিপুরে পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে একে-৪৭সহ বিপুল অস্ত্র ও গ্রেনেড উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, ডেটোনেটর ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ইম্ফল পূর্ব জেলার আংথা খুমান পাহাড় ও এর আশপাশের পাদদেশীয় এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশের সিডিও (সেন্ট্রাল ডিটেকটিভ অফিসার) ইউনিট এবং ৩১ আসাম রাইফেলসের একটি যৌথ দল।
অভিযানে একটি ম্যাগাজিনসহ একে-৪৭ রাইফেল, ম্যাগাজিনসহ একটি মাকারভ পিস্তল, দুটি ১২ বোরের সিঙ্গেল ব্যারেল বন্দুক এবং একটি লাথোড গান উদ্ধার করা হয়।
এ ছাড়া ডেটোনেটরবিহীন চারটি ৩৬ নম্বর হ্যান্ড গ্রেনেড, দুটি ডেটোনেটর এবং একে-৪৭ রাইফেলে ব্যবহৃত ৭.৬২ মিলিমিটারের ২৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মণিপুর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না কিংবা উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কোন গোষ্ঠীর, সে বিষয়ে পুলিশের পোস্টে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।