গুইমারায় গ্রামীণ সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গ্রামীণ সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইয়ের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। কর্মশালায় সঞ্চালনা করেন গুইমারা উপজেলা প্রকৌশলী মো. নাছির উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস অ্যানালিস্ট (বেটস) ধরনী কুমার চাকমা।
কর্মশালায় প্রধান আলোচক গুইমারা উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য ও ধারণা তুলে ধরেন। এ সময় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএসভিত্তিক পদ্ধতি, আরসিআইপি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক নেটওয়ার্কের ম্যাপ ও সংশ্লিষ্ট তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এর মাধ্যমে উপজেলার সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ এবং উন্নয়ন পরিকল্পনায় তথ্যভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, উপসহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাঈমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও কর্মকর্তারা গুইমারা উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কগুলোর গুরুত্ব ও উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। এসব মতামত ও তথ্য যাচাইয়ের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও বাস্তবসম্মত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।