খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ; বছর শেষ হলেও শেষ হয়নি তদন্ত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ; বছর শেষ হলেও শেষ হয়নি তদন্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনার এক বছর আজ। তবে বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি আলোচিত এ ঘটনার। পুলিশ বলছে, তাদের হাতে এখনো আলামত পৌঁছেনি। আর আইনজীবীরা বলছেন, আলামত সংগ্রহে দেরির কারণে ব্যাহত হতে পারে সুষ্ঠু তদন্ত। বিচার না পাওয়ার ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের মাঝে।

গত বছরের ৩ মার্চ কাঠ পরিবহনকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙা গাজীনগরে গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয় বিজিবির। এতে প্রাণ যায় এক বিজিবি সদস্য ও চার গ্রামবাসির। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা করে বিজিবি ও নিহতদের পরিবার। তবে এক বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এ নিয়ে আতংকে রয়েছে স্থানীয়রা। তাছাড়া একই পরিবারের উপার্জনক্ষম ৩ জনসহ নিহত ৪ জনের পরিবারে বেড়েছে সংকট। কারণ তারা পায়নি ক্ষতিপূরণ।

নিয়ম অনুসারে বিজিবির কাছ থেকে অস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করার কথা থাকলেও তা হয়নি এখনো। যদিও এজন্য আইনী প্রক্রিয়া অনুসরণের দোহাই দিয়েছে পুলিশ। আইনজীবীদের মতে, তদন্ত শেষ না হওয়ায় বাড়ছে সুবিচার না পাওয়ার অনিশ্চয়তা।

দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছে খাগড়াছড়ির নাগরিক সমাজ।