টেকনাফের নাফ নদী থেকে রোহিঙ্গা নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

টেকনাফের নাফ নদী থেকে রোহিঙ্গা নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন এলাকার নাফ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বাসিন্দা জানে আলমের স্ত্রী সমজিদা বেগম, মেয়ে নুর শহিদা ও রশিদা। এ ঘটনায় জানে আলম ও তাদের আরও এক সন্তান নিখোঁজ রয়েছেন। শনিবার (১২ জুন) দুপুরে বালুখালীর ক্যাম্প-১১ এর ইনচার্জ (সহকারী সচিব) আরাফাতুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে সিআইসি আরাফাতুল আলম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বাসিন্দা জানে আলমের পরিবার শুক্রবার রাতে সবার অগোচরে নৌকা যোগে মিয়ানমার চলে যাচ্ছিলেন। নদী পার হতে গিয়ে কোনো কারণে নৌকা ডুবিতে স্ত্রী-সন্তান মারা গেছে। তার পরিবারের ৫ সদস্যের মাঝে তিনজনের মরদেহ শনিবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার ২নম্বর ওয়ার্ড নাফনদী সীমান্ত এলাকায় থেকে উদ্ধার করা গেলেও অপর দুজন এখনো নিখোঁজ।’

তিনি আরও বলেন, ‘মো. জানে আলমের বাবার নাম মো. রশিদ। তিনি ক্যাম্প-১১ এর ব্লক-সি-১৫ বাসিন্দা এবং এফসি নং-১৯৯২৬৩।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘নাফ নদী থেকে দুই শিশুসহ এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তারা কী মিয়ানমারে যাচ্ছিল, নাকি সেদেশ থেকে আসছিল বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি। নৌকাতে কতজন রোহিঙ্গা ছিল সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।’